ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা: অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

কুষ্টিয়ায় মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টা: অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার।

মিরপুর প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে এক পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল কাসারিপাড়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার বাসিন্দা সুমন এবং বারোমাইল এলাকার বাসিন্দা মাহাবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে পেয়ারা ব্যবসায়ীকে বহনকারী একটি গাড়ি গন্তব্যে যাচ্ছিল। গাড়িটি নয়মাইল কাসারিপাড়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবকেরা সেটির গতিরোধ করেন। পরবর্তীতে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তাঁরা।
এ সময় বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাঁদের হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুই যুবককে উদ্ধার করে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।