ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে চাইনিজ কুড়াল দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ

মিরপুরে চাইনিজ কুড়াল দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

​নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে বাড়িতে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে মিরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত মো. মজিবুল হক (৩৫) মিরপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে চুনিয়াপাড়া এলাকার ওই গৃহবধূ নিজ বাড়িতে একা ছিলেন। এই সুযোগে অভিযুক্ত মজিবুল হক তার ঘরে প্রবেশ করে এবং লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মিরপুর থানায় তাৎক্ষণিকভাবে একটি মামলা রুজু করা হয়।

​মামলা দায়েরের পর মিরপুর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্ত মজিবুল হককে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘাসক্ষেত থেকে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় ঘটনার সময় ব্যবহৃত লোহার তৈরি চাইনিজ কুড়ালটি উদ্ধার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেখানো স্থান থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।