ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খাজানগরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে মারধরের অভিযোগ, যুবদল নেতা হানিফের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের।

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

খাজানগরে ব্যবসায়ী ওমর ফারুককে মারধরের অভিযোগ, যুবদল নেতা হানিফের বিরুদ্ধে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল মান্নান শেখ।

কুষ্টিয়ার খাজানগর এলাকায় ধান-চাউল ব্যবসায়ী ওমর ফারুককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হানিফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খাজানগর ঘোষপাড়ায় একটি বাড়িতে বিয়ের দাওয়াত অনুষ্ঠানে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাওয়াতে অংশ নিতে যান ব্যবসায়ী ওমর ফারুক। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা হানিফও। অভিযোগ রয়েছে, সেখানে হানিফ ওমর ফারুককে উদ্দেশ্য করে উচ্ছৃঙ্খল ও আপত্তিকর মন্তব্য করেন। ওমর ফারুক কোনো জবাব না দিলে একপর্যায়ে হানিফ আরও কটূক্তি করেন এবং পরে তার গায়ে হাত তোলেন।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা হানিফের গ্রেফতারের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন যে, অভিযুক্ত হানিফকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, হানিফকে আটক করার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ব্যবসায়ী ওমর ফারুক দাবি করেন, গত ১৭ মাসে হানিফ তার কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা চাঁদা নিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, “আমি এক সময় আওয়ামী লীগ করতাম, সেই কারণেই আমাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হয়েছে। কয়েকদিন আগে আবার চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকৃতি জানাই। সেই ক্ষোভ থেকেই আজ আমাকে মারধর করা হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত হানিফের বক্তব্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।