কুষ্টিয়া মিরপুরে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার।
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: আব্দুল্লাহ আল মামুন
ইং ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলাম মহোদয়। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশলবিনিময় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় পুলিশ সুপার পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের তালিকা এবং জরুরি সেবার মোবাইল নম্বরসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে প্রদর্শনের পরামর্শ দেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশ পূজা চলাকালীন এবং পূজা পরবর্তী সময়ে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সুপার মহোদয় আরো নির্দেশ দেন যে, পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ নিশ্চিত করতে হবে, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা রাখতে হবে, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো এবং স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার থেকে বিরত থাকার জন্যও তিনি বিশেষভাবে নির্দেশনা দেন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে মিরপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা অত্যন্ত ইতিবাচক মনোভাবের সাথে লক্ষ্য করেন পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলাম। ওসি শহিদুল ইসলামের এই পেশাদারিত্ব ও ভালো মনোভাবের জন্য পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
