মিরপুরে জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
কুষ্টিয়া প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন।
তারিখ: ০৩ অক্টোবর ২০২৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একই দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক কর্মসূচি ঘোষণা করে। গত ২ অক্টোবর ২০২৬ সন্ধ্যার দিকে আটিগ্রাম মামুর জামে মসজিদে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক আলোচনা ও কার্যক্রম পরিচালনা করে। এর জের ধরে পরবর্তীতে বাজারে দুই পক্ষই সমাবেশের প্রস্তুতি নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয়পক্ষকে শান্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।
জামায়াতে ইসলামী: ছাতিয়ান ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল ইসলাম জানান, তাঁরা পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষেই ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। পরবর্তীতে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে তাঁদের নেতাকর্মীদের ওপর মারধর চালায় বলে তিনি অভিযোগ করেন।
ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢাকায় অবস্থান করায় দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, জামায়াতে ইসলামীর কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এর ফলে সাধারণ জনগণ ও বিএনপির কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তীতে মিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন এবং মিরপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুই পক্ষের কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
