প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছাতিয়ানে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা, ক্যাম্প ইনচার্জের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

কুষ্টিয়ায় মসজিদে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা, ক্যাম্প ইনচার্জের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

কুষ্টিয়া প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৮নং ছাতিয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আটিগ্রাম বায়তুল মামুর জামে মসজিদে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও জামায়াত প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে স্থানীয় ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে মাগরিবের নামাজের পর ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ নুরুল ইসলাম আটিগ্রাম বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনগণ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মসজিদে রাজনৈতিক আলোচনা না করার জন্য নিষেধ করলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা সোন্দাহ সেনা/পুলিশ ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে সোন্দাহ ক্যাম্প ইনচার্জ আশিক ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করেন।

সংশ্লিষ্টদের বক্তব্য
* মাওলানা মোঃ নুরুল ইসলাম (জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী): ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, মাগরিবের নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কেবল পবিত্র কুরআনের বিষয়ে আলোচনা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের বাধা দেওয়া হয়।
* দাউদ হোসেন (সহ-সভাপতি, মিরপুর উপজেলা বিএনপি): তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাগরিবের নামাজের পর মসজিদের ভেতরে রাজনৈতিক আলোচনা চলছিল। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানানো হলেও তা অমান্য করে আলোচনা চালিয়ে যাওয়ায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও তিনি নিজে উপস্থিত থেকে পরিবেশ শান্ত করেন।

সুশীল সমাজের মতামত
এলাকার সচেতন ও সুশীল নাগরিকরা মনে করেন, পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনা পরিহার করা উচিত। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিবর্গ যদি মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বা আলোচনা থেকে বিরত থাকেন, তবে এলাকার সার্বিক শান্তি ও সম্প্রীতি সবসময় বজায় থাকবে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন