প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে মানসিক ভারসাম্যহীন বাবাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ

মিরপুরে মানসিক ভারসাম্যহীন বাবাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ

প্রতিবাদ করায় দুই বোনকে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন

মিরপুর প্রতিনিধি: (আব্দুর রহমান)

৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
কুষ্টিয়ার মিরপুরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ বাবাকে ফুসলিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাবার জমি লিখে নেওয়ার প্রতিবাদ করায় তাঁর দুই মেয়েকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই বোন বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরপুর রেজিস্ট্রি অফিস চত্বর ও এর আশপাশের এলাকায় ঘটে।

আহতরা হলেন—আলাউদ্দিন শেখের বড় মেয়ে আলিয়া খাতুন (৪০) ও ছোট মেয়ে নাসিমা খাতুন (৩৮)। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন শেখের ছেলে মিরাজুল (৫০), তাঁর ভাই আজিজুলসহ আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানসিক নানা সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর এই দুর্বলতার সুযোগ নিয়ে কয়েকজন তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে যান। সেখানে তাঁর নামে থাকা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

বিষয়টি জানতে পেরে আলাউদ্দিন শেখের দুই মেয়ে আলিয়া খাতুন ও নাসিমা খাতুন রেজিস্ট্রি অফিসে গিয়ে বাবার জমি লিখে নেওয়ার বিষয়ে আপত্তি জানান। এ সময় তাঁদের সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে দুই বোন প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত দুই বোনকে উদ্ধার করেন এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন