প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে ব্যাপক আয়োজন।

কুষ্টিয়া শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন।কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

এই শিলাইদহ কুঠিবাড়ি-তে অবস্থানকালেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি গীতাঞ্জলি-সহ বহু কালজয়ী সাহিত্যকর্ম রচনার অনুপ্রেরণা লাভ করেন।

পদ্মা নদীর শান্ত পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য ও বাংলার গ্রামীণ জীবন তাঁর লেখনীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্যই ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। সাজসজ্জা, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় আনা হয়েছে বিশেষ প্রস্তুতি। আয়োজন সফল করতে কাজ করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের শিল্পীরাও অংশ নেবেন এ আয়োজনে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া থেকে এসএম জামাল

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন